জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে প্রথম স্ট্র পোল আজ

গোপন ভোটে সাত প্রার্থীর সমর্থন যাচাই, শুরু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া
বিশ্ব ডেস্ক: জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাতজন প্রার্থীর সমর্থন যাচাইয়ে প্রথম দফার অনানুষ্ঠানিক গোপন ভোট বা ‘স্ট্র পোল’ অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই মেয়াদ শেষে চলতি বছরের ৩১ ডিসেম্বর দায়িত্ব ছাড়বেন। তাঁর স্থলাভিষিক্ত হতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন— রাফায়েল গ্রসি, মিশেল বাচেলে, রেবেকা গ্রিনস্প্যান, মারিয়া ফার্নান্দা এসপিনোসা, ক্যারোলিন রদ্রিগেস-বার্কেট, ম্যাকি সাল এবং ওলারা ওতুননু।
নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত জেনন মুকঙ্গো এনগাই জানিয়েছেন, প্রথম স্ট্র পোল সকালে অনুষ্ঠিত হচ্ছে। এই গোপন ভোটে ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা প্রতিটি প্রার্থীর নামের পাশে তিনটি অপশনের একটিতে মত দেন— ‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ এবং ‘কোনো মতামত নেই’।
প্রথম দফাগুলোতে সব ব্যালট একই রঙের থাকে, যাতে স্থায়ী সদস্যদের সম্ভাব্য ভেটো আলাদা করে বোঝা না যায়। পরে রঙিন ব্যালট ব্যবহারের মাধ্যমে ভেটো ইঙ্গিত স্পষ্ট হয়।
স্ট্র পোলের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও সাধারণত কয়েক ঘণ্টার মধ্যেই তা গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। একজন প্রার্থীকে অন্তত নয়টি সমর্থন ভোট পেতে হবে এবং একই সঙ্গে স্থায়ী পাঁচ সদস্য দেশের ভেটো এড়াতে হবে। এরপর নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীর নাম সাধারণ পরিষদে সুপারিশ করে, যেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সাধারণত একাধিক দফায় স্ট্র পোল অনুষ্ঠিত হয় এবং পুরো প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে কোনো প্রার্থীকে ঘিরে ঐকমত্য না হলে সময় আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, নতুন মহাসচিবকে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের কাঠামোগত সংস্কার, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।






