থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন উদ্ধার, নিখোঁজ ১

৩০ জুলাই পর্যন্ত থানচি-তিন্দুমুখ নৌপথ বন্ধ।  সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ জন উদ্ধার, ১ পর্যটক নিখোঁজ; উদ্ধার অভিযানে বিজিবি ও ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই বিকেল ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। ঘটনাস্থলে থাকা বিজিবির টহলদল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৪ জন পর্যটক, নৌকার মাঝি ও একজন ট্যুরিস্ট গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করে।

নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪), ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. হেলাল উদ্দিন এবং মাতার নাম মোছা. দেলোয়ারা আক্তার।

২৫ জুলাই বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে বিজিবির ৪টি বিশেষ টহলদল কাজ করছে। তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, মাঝি, গাইড ও বাসিন্দারাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। পাশাপাশি থানচি ফায়ার সার্ভিসকে সম্পৃক্ত করা হয়েছে। ডুবুরি সংকট থাকায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন।