হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

বিমানভাড়া কমল ৩৭ হাজার টাকা, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর

টুইট ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার হজযাত্রীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো-বিমানভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে পারেন।

ধর্ম মন্ত্রণালয়ের আশা, বিমানভাড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং আগেভাগেই প্যাকেজ ঘোষণা করার ফলে হজযাত্রীরা নিবন্ধন ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবেন। এতে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও জোরদার হবে।