পদ্মা এক্সপ্রেসে ঘুষ ও মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী রেলস্টেশন

রাজশাহীতে রেললাইন অবরোধে ট্রেন চলাচল বন্ধ। বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে ঘুষ নেওয়ার প্রতিবাদ করায় আইন বিভাগের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ; অভিযুক্তদের শাস্তির দাবিতে রেললাইন অবরোধ, চারটি ট্রেনের চলাচল বন্ধ।
স্টাফ রিপোর্টার, রাজশাহী: ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুরগামী অন্তত চারটি ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার ভোরে পদ্মা এক্সপ্রেসে কর্তব্যরত টিকিট পরীক্ষক (টিটিই) সুমন এবং ট্রেন অ্যাটেনডেন্ট রাজু বিনা টিকিটে ভ্রমণকারী কয়েকজন যাত্রীর কাছ থেকে অর্থ নিচ্ছিলেন। বিষয়টি দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ফোরকান আহমেদ প্রতিবাদ জানান। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার রাজশাহী রেলস্টেশনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলামসহ সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও সন্তোষজনক সমাধান না পাওয়ায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিকট রেললাইন অবরোধ করেন।
এর ফলে সকাল সাড়ে ৬টা থেকে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুরগামী চারটি ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয় এবং স্টেশনে অপেক্ষমাণ ট্রেনগুলো আটকা পড়ে।
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “অভিযুক্ত টিটিই সুমনসহ সংশ্লিষ্টদের উপস্থিত করে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত শিক্ষার্থীরা রেললাইন ছাড়বে না।”
এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) ফরিদ আহমেদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত দুই রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল দ্রুত চালু করার চেষ্টা চলছে।
ঘটনার পর রাজশাহী রেলস্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।







