নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল শিশুসহ ২ জনের

নীলফামারীর কিশোরগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা; বর-কনেসহ আহত ১২, ছয়জনের অবস্থা আশঙ্কাজনক

টুইট ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে সাত মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে বরযাত্রী হিসেবে প্রায় ১৫ জন অংশ নেন।

বিয়ে শেষে নববধূকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং বর-কনেসহ অন্তত ১৪ জন আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।