আন্দোলনে অছাত্রদেরও দেখা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: সালাহউদ্দিন আহমদ
টুইট ডেস্ক: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। একই সঙ্গে অভিযোগ করেন, কিছু মহল সরকারকে বিব্রত করতে বিভিন্ন ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে, তবে এখন পর্যন্ত এটিকে বড় ধরনের সংকট হিসেবে দেখছে না। তার ভাষ্য, দেশের কয়েকটি জেলা এবং ঢাকার কয়েকটি স্থানে আন্দোলন দেখা গেলেও এর পরিসর সীমিত।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সরকারকে বিব্রত করতে চায়-এমন কিছু মহল রয়েছে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই ছাত্র বা পরীক্ষার্থী নন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এ প্রেক্ষাপটেই স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেন।






