রাজশাহীতে সাংবাদিকদের ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

ভুয়া তথ্য ও সাইবার ঝুঁকি মোকাবিলায় জোর রাসিক প্রশাসকের।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’।

​বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তর রাজশাহীর সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্য ও প্রযুক্তির নৈতিক ব্যবহার

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন:

​”বর্তমান সময়ে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একজন সাংবাদিককে এখন শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, বরং তথ্যের সত্যতা যাচাই করেও প্রকাশ করতে হবে। এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তবে এর ব্যবহার অবশ্যই নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে করতে হবে।”

​তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে।

নাগরিক সেবা ও রাসিকের উন্নয়ন পরিকল্পনা

​সিটি কর্পোরেশনের প্রশাসক তাঁর বক্তব্যে নগরবাসীর জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নের কাজ চলছে। এছাড়া নগরবাসীর জন্য নিরাপদ মাংস নিশ্চিত করতে একটি আধুনিক ‘মিট প্রসেসিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্ষায় জলাবদ্ধতা নিরসনে ড্রেনের কাদামাটি পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

পেশাগত মানোন্নয়নে জোর

​কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়া এখন সময়ের দাবি। তবে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি পেশাগত নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি।

​রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

​কর্মশালায় জানানো হয়, রাজশাহী জেলায় কর্মরত সাংবাদিকদের এআই প্রযুক্তির সঠিক ব্যবহার ও নির্ভরযোগ্য উপায়ে তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট চেকিং) প্রায়োগিক দক্ষতা প্রদান করাই এই আয়োজনের মূল লক্ষ্য।