পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করবে সরকার: প্রধানমন্ত্রী

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন; সবুজায়নের পাশাপাশি পরিচর্যার ওপরও গুরুত্বারোপ
টুইট ডেস্ক: আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় এখনও পর্যাপ্ত গাছ নেই। তাই শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা যায়।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো একদিন বড় হয়ে মানুষের জন্য নির্মল বাতাস, ছায়া ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করবে। তাই প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যায়ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে একদিনের সরকারি সফরে সড়কপথে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি ও সাগরদী খালপাড় এলাকায় আরও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বরিশাল বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।






