এনআইডি সংশোধনের ৬ ক্যাটাগরির আবেদন সাময়িক বন্ধ

মাঠপর্যায়ে নিষ্পত্তির দায়িত্ব হস্তান্তর, ‘ঘ’ ক্যাটাগরির আবেদন চলবে আগের নিয়মে

টুইট ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে এসব আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আপাতত ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ এবং ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে নিষ্পত্তি করা হবে না। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই নিষ্পত্তি অব্যাহত থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে। ‘ক’ ক্যাটাগরির দায়িত্ব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার ওপর ন্যস্ত করা হয়েছে। ‘খ-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা।

এ ছাড়া ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এবং ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, যেসব আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়া সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর নতুন নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ-সংক্রান্ত নির্দেশনার অনুলিপি অতিরিক্ত সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। তবে সাময়িকভাবে স্থগিত রাখা ছয়টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি কবে থেকে পুনরায় শুরু হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে পৃথক নির্দেশনা জারি করা হবে।