নরওয়ের বিপক্ষে নেইমার-ভিনিসিয়ুস জুটির ইঙ্গিত আনচেলত্তির

কোয়ার্টার ফাইনালে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের দুই তারকাকে; ভিনিসিয়ুসের বদলে যাওয়া ভূমিকাতেও সন্তুষ্ট কোচ।

টুইট প্রতিবেদক: বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল,নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে কি একসঙ্গে মাঠে দেখা যাবে? এই প্রশ্নের জবাবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইতালীয় এই কোচ বলেন, নেইমার ও ভিনিসিয়ুস একসঙ্গে খেলতে পারে এবং তার বিশ্বাস, ম্যাচের কোনো না কোনো সময়ে এই দুই তারকাকে একসঙ্গেই মাঠে দেখা যাবে।

আনচেলত্তি ভিনিসিয়ুসের পরিবর্তিত ভূমিকাও ব্যাখ্যা করেন। তাঁর মতে, রিয়াল মাদ্রিদে যেমন, জাতীয় দলেও ভিনিসিয়ুস নিজের অবস্থান বদলে খেলতে অভ্যস্ত। এই কৌশল প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে কার্যকর ভূমিকা রাখছে।

কোচের ভাষ্য, উইং থেকে ভিনিসিয়ুস যেমন সতীর্থদের দিয়ে গোল করানোর সুযোগ তৈরি করতে পারেন, তেমনি নিজেও গোল করার সামর্থ্য রাখেন। বহুমুখী এই ভূমিকা ব্রাজিলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করছে।

বিশ্বকাপ শুরুর আগে কাফের চোটে আক্রান্ত হওয়ায় নেইমারকে সতর্কতার সঙ্গে ব্যবহার করছে ব্রাজিল। প্রথম দুই ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে শেষ ১৫ মিনিট মাঠে নামেন তিনি।

জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও নেইমারকে নামানোর প্রস্তুতি ছিল। তবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নির্ধারিত সময়ের জয়সূচক গোলে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়নি। ফলে মাঠে নামার সুযোগও হয়নি ব্রাজিলের অভিজ্ঞ এই ফরোয়ার্ডের।

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাই নেইমার-ভিনিসিয়ুস জুটিকে একসঙ্গে দেখার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিলে ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হতে পারে।