ব্রাজিলের হারে স্ট্রোক, জয়ে ফিরছে অক্ষয়ের জীবনের আশা

চার বছর পর বিশ্বকাপের মঞ্চে সেলেসাওদের প্রত্যাবর্তনে হাসি ফুটেছে কেরালার শয্যাশায়ী তরুণের মুখে।

টুইট প্রতিবেদক: ফুটবল কখনো কখনো শুধু খেলা থাকে না, হয়ে ওঠে মানুষের আবেগ, ভালোবাসা আর বেঁচে থাকার প্রেরণা। এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে ভারতের কেরালায়। ব্রাজিলের হারের শোকে চার বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়া এক তরুণের জীবনে আবারও আশার আলো দেখছে তার পরিবার।

কেরালার কাক্কানাড এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী অক্ষয় ছিলেন ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক। ২০২২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের বিদায়ের পর গভীরভাবে ভেঙে পড়েছিলেন তিনি। প্রিয় দলের পরাজয়ের ধাক্কায় ম্যাচের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অক্ষয়। পরে চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে তার স্ট্রোক হয়েছে।

গত চার বছর ধরে শয্যাশায়ী অক্ষয়ের পরিবার এখন নতুন বিশ্বকাপে ব্রাজিলের সাফল্যের সঙ্গে তার সুস্থতার স্বপ্নও দেখছে। তাদের বিশ্বাস, প্রিয় দলের জয় হয়তো অক্ষয়ের জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন প্রাণের সাড়া।

সম্প্রতি কয়েকজন বন্ধু অক্ষয়কে জানায়, ব্রাজিল আবার বিশ্বকাপে খেলছে। চার বছরের মধ্যে প্রথমবার তার মুখে দেখা যায় স্পষ্ট প্রতিক্রিয়া। পরিবারের ভাষ্য, খবরটি শুনে অক্ষয় হাসে।

অক্ষয়ের বাবা কে টি পুরুষোত্তমন বলেন, বিশ্বকাপ শুরু হওয়ার পর দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবার ছেলেকে ফুটবল নিয়ে এমন প্রতিক্রিয়া দেখাতে পেয়েছেন তারা। তার আশা, ব্রাজিলের ম্যাচগুলো অক্ষয়ের মানসিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখবে।

তিনি জানান, ২০২২ সালের সেই ভয়াবহ রাতের কথা এখনও ভুলতে পারেননি। ব্রাজিল হারের দুই ঘণ্টার বেশি সময় পরও অক্ষয় বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। পরে তাকে একটি জনসমাগমের স্থানে অচেতন অবস্থায় পাওয়া যায়।

অক্ষয়ের বন্ধুদের ধারণা ছিল, প্রিয় দলের হার মেনে নিতে না পেরে সে একা থাকতে চেয়েছে। কিন্তু পরে জানা যায়, সেটি ছিল গুরুতর চিকিৎসাজনিত পরিস্থিতি।

গত চার বছরে অক্ষয়ের শরীরে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। পরিবারের সদস্যরা জানান, তার চোখের নড়াচড়া ছাড়া অন্য কোনো সাড়া খুব একটা পাওয়া যায় না। তবে ফুটবল ও ব্রাজিলের প্রতি তার ভালোবাসাই এখন পরিবারের সবচেয়ে বড় আশার জায়গা।

কানিভু প্যালিয়েটিভ কেয়ারের কর্মকর্তা প্রদীপ এন কে বলেন, ফুটবল অক্ষয়ের জীবনে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার জন্য বাড়িতে টেলিভিশনের ব্যবস্থা করার চেষ্টা চলছে, যাতে সে সরাসরি ব্রাজিলের ম্যাচ দেখতে পারে।

এবারের বিশ্বকাপে ব্রাজিল শুরুতে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। দলটির শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও অক্ষয়ের পরিবারের কাছে প্রতিটি ম্যাচ এখন শুধুই ফুটবল নয়, এটি তাদের প্রিয় মানুষটির ফিরে আসার এক নতুন প্রত্যাশা।

টুইটনিউজ২৪.কম ডেস্ক