থানচি ঘটনা ঘিরে গুজব ও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি রোধে সতর্কতার আহ্বান, তদন্ত চলমান

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানর থানচি উপজেলায় ৫ বছর বয়সী এক ত্রিপুরা শিশুকে কেন্দ্র করে ওঠা ধর্ষণের অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও স্থানীয় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযোগের পরপরই পুলিশ অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে আদালতের নির্দেশে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করে। একই সঙ্গে ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং মেডিকেল প্রতিবেদন সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনাটি বর্তমানে বান্দরবানের শিশু আদালতের বিচারক জিয়াবুন্নাহার আয়েশার তদারকিতে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। আইনগত সব ধাপ অনুসরণ করেই বিষয়টি এগোচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ছবি ব্যবহার করে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

এর আগে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ঘটনায় অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে উত্তেজনা তৈরির উদাহরণ থাকায় এ বিষয়ে এবার শুরু থেকেই কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং থানচি এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সংবেদনশীল এমন ঘটনায় বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়ানো সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। অপরাধের বিচার অবশ্যই আইনের মাধ্যমে হওয়া উচিত এবং পরিচয় নয়—অপরাধই মূল বিবেচ্য হওয়া প্রয়োজন।

শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় আবেগ স্বাভাবিক হলেও যাচাই ছাড়া তথ্য প্রচার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি বজায় রাখাই শান্তি রক্ষার মূল শর্ত।