কানে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ উন্মাদনা

২৫ বছর পূর্তিতে ভিন ডিজেলদের পুনর্মিলনীতে মাতল কান উৎসব

টুইট ডেস্ক: ফ্রান্সের Cannes Film Festival-এ এবার নস্টালজিয়া আর তারকাঝলকের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয় The Fast and the Furious ফ্র্যাঞ্চাইজির ২৫ বছর পূর্তি উদ্‌যাপন। বিশেষ প্রদর্শনী উপলক্ষে এক মঞ্চে হাজির হন Vin Diesel, Michelle Rodriguez ও Jordana Brewster। তাদের ঘিরে লালগালিচাজুড়ে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।

গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন প্রযোজক Neal H. Moritz, Donna Langley এবং প্রয়াত Paul Walker-এর মেয়ে Meadow Walker। বিশেষ করে মিডো ওয়াকারের উপস্থিতি অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি করে।

কালো ঝলমলে জ্যাকেটে হাজির হওয়া ভিন ডিজেলের পোশাকে লেখা ছিল ‘ফাস্ট ফরএভার’। ধারণা করা হচ্ছে, ২০২৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটির শেষ কিস্তির নামও হতে পারে এটিই। একই সঙ্গে জানা গেছে, নতুন চলচ্চিত্রে আবারও দেখা যেতে পারে Dwayne Johnson ও Jason Statham-কে।

২০০১ সালে মুক্তি পাওয়া The Fast and the Furious মূলত স্ট্রিট রেসিংকেন্দ্রিক একটি অ্যাকশন চলচ্চিত্র ছিল। তবে সময়ের সঙ্গে এটি হলিউডের অন্যতম সফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। এখন পর্যন্ত সিরিজটি থেকে মুক্তি পেয়েছে নয়টি সিক্যুয়েল এবং একটি জনপ্রিয় স্পিন-অফ ফার্স্ট এন্ড ফিউরিয়াস, প্রেজেন্ট হবস এন্ড স্ব। বিশ্বব্যাপী এই ফ্র্যাঞ্চাইজির আয় সাত বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে ভিন ডিজেল বলেন, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রধান যখন ২৫ বছর আগের একটি সিনেমাকে ‘ক্লাসিক’ হিসেবে স্বীকৃতি দেন, সেটি পুরো দলের জন্য বিরাট সম্মানের। তার ভাষায়, “এটি শুধু একটি সিনেমা নয়, আমাদের জীবনের অংশ।”

হলিউড বিশ্লেষকদের মতে, দুই দশকের বেশি সময় ধরে দর্শকপ্রিয়তা ধরে রাখার পেছনে মূল শক্তি ছিল পারিবারিক বন্ধন, অ্যাকশননির্ভর গল্প এবং চরিত্রগুলোর আবেগঘন সম্পর্ক।

সেই কারণেই ২৫ বছর পরও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ঘিরে দর্শকদের আগ্রহে এতটুকু ভাটা পড়েনি।