গেজেট প্রকাশে নুসরাতকে এমপি: ঘোষণা

আদালতের নির্দেশনার পর ইসির সিদ্ধান্ত, বিরোধী প্রার্থীর রিট অন্য বেঞ্চে।

টুইট ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য (এমপি) হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে একই জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় বাছাইয়ে বাতিল করা হয়।

অপরদিকে, নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের আবেদনও প্রাথমিকভাবে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

এই অবস্থায় নুসরাত আদালতের শরণাপন্ন হলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে গত ২ মে বৈধ ঘোষণা করে।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন হাইকোর্টে রিট আবেদন করেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানান।

তবে সোমবার (৪ মে) হাইকোর্টের একটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে পাঠিয়ে দেয়, কারণ সংশ্লিষ্ট বিচারপতি ও আবেদনকারী একই এলাকার বাসিন্দা।

আইনি প্রক্রিয়ার এই পর্যায়ে নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল, যা সংরক্ষিত নারী আসনের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে।