বান্দরবানে ২৭৭৯ শিক্ষার্থীর বৃত্তি: প্রথম ধাপে পেল ২৩০ জন

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদের উদ্যোগ; পর্যায়ক্রমে বিতরণ সম্পন্নের আশ্বাস।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে জেলার ২ হাজার ৭৭৯ জন মেধাবী, গরীব ও অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২৩০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে।

রবিবার পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. রিয়াজুল হক।

এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা, সাংবাদিকসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্র জানায়, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও সমমান পর্যায়ে অধ্যয়নরত বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে শিক্ষাবৃত্তি প্রদান কমিটির সুপারিশ অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।

পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তি বিতরণের পরবর্তী তারিখ ও সময় পরিষদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এই উদ্যোগকে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আশাব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সহায়তা অব্যাহত থাকলে শিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।