তৃণমূল প্রতিভা খোঁজায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

বান্দরবানে প্রেস ব্রিফিং, ২ মে উদ্বোধন ঘিরে প্রস্তুতি

টুইট ডেস্ক: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে বান্দরবানে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

তিনি বলেন, “তৃণমূলের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা নির্বাচন করে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা বিকাশই এ আয়োজনের মূল লক্ষ্য।”

জেলা প্রশাসক আরও জানান, “আগামী ২ মে বিকাল ৩টায় সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে বান্দরবান জেলা স্টেডিয়ামেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।”

তিনি বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের একটি কার্যকর মাধ্যম।” এ আয়োজন সফল করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি ব্যাপক প্রচারণার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী, জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। নিবন্ধনের মাধ্যমে বান্দরবানে সহস্রাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করছে। জেলায় ৮টি দল অংশ নেবে এবং প্রতিটি ইভেন্টে প্রতিটি উপজেলা থেকে ১৪৪ জন করে খেলোয়াড় অংশ নেবে।