তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন: জরিমানা, কারখানা বন্ধ

পরিবেশ ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন দূষণ,অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের অভিযান।
টুইট প্রতিবেদক; রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস তেল উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি’ নামের প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই সঙ্গে প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন না থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনবসতিপূর্ণ এলাকায় টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের ফলে আশপাশে ঘন কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ এবং বিষাক্ত বর্জ্য ছড়িয়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।
এতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে প্রশাসন সরেজমিনে তদন্তে গিয়ে অনিয়মের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, আইনগত অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা মো. আল আমীন, যদিও মালিকানা রয়েছে ঢাকার এক ব্যক্তির হাতে।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে প্রশাসন।






