হরমুজ ঘিরে ইরানের কৌশলগত বার্তা

জ্বালানি রুট নিয়ন্ত্রণে চাপের ইঙ্গিত, কূটনীতিতে পিছু হটলেন ট্রাম্প।

টুইট প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের সাম্প্রতিক অবস্থান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্টভাবে জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণই তাদের “চূড়ান্ত কৌশল”, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা হবে।

শনিবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় আইআরজিসি উল্লেখ করে, হরমুজ প্রণালির ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখা শুধু প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় একটি কৌশলগত হাতিয়ার।

তাদের মতে, এই প্রণালির প্রভাব বজায় রাখা ইরানের সামরিক পরিকল্পনার কেন্দ্রীয় অংশ।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

ইরানের এই অবস্থান তাই কেবল সামরিক বার্তা নয়, অর্থনৈতিক চাপ প্রয়োগেরও ইঙ্গিত বহন করছে।

অন্যদিকে, ইরান ইস্যুতে কূটনৈতিক উদ্যোগে দৃশ্যমান পরিবর্তন এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানে সম্ভাব্য আলোচনা সফর বাতিল করে তিনি স্পষ্ট করেছেন, বর্তমান পরিস্থিতিতে সরাসরি আলোচনার প্রয়োজন দেখছেন না। নির্ধারিত প্রতিনিধি দল স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার,আর পাকিস্তানে যাচ্ছেন না।

এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে এবং ইরান চাইলে সরাসরি যোগাযোগ করতে পারে। দীর্ঘ সফর করে আলোচনায় বসার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

কূটনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, একদিকে ইরান যেখানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক ও অর্থনৈতিক চাপের কৌশল সামনে আনছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি প্রভাব বজায় রাখার অবস্থান নিচ্ছে।

এই দ্বিমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে।

পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ ও সামরিক অবস্থানের ওপর।

তবে হরমুজ প্রণালিকে ঘিরে যে নতুন কৌশলগত বার্তা দেওয়া হয়েছে, তা বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ।