গুরুতর আহত মোজতবা, অস্ত্রোপচারের শঙ্কা

মুখ-ঠোঁট দগ্ধ, প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে; ইরানে সিদ্ধান্তে বাড়ছে আইআরজিসির প্রভাব
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় গুরুতর আহত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার মুখমণ্ডল ও ঠোঁটে গুরুতর দগ্ধের কারণে ভবিষ্যতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় মোজতবা খামেনি গুরুতর শারীরিক ক্ষতির মুখে পড়েন। একটি পায়ে বড় ধরনের আঘাত, এক বাহুতে জটিল ক্ষত এবং মুখে দগ্ধজনিত সমস্যার কারণে তার কথা বলতেও অসুবিধা হচ্ছে বলে জানানো হয়েছে। চিকিৎসকেরা দীর্ঘমেয়াদি পুনর্বাসনের অংশ হিসেবে প্লাস্টিক সার্জারির সম্ভাবনার কথা বলছেন।
এই স্বাস্থ্য সংকটকে শুধু ব্যক্তিগত চিকিৎসা ইস্যু নয়, ইরানের ক্ষমতার কাঠামোর সঙ্গে যুক্ত বড় রাজনৈতিক প্রশ্ন হিসেবেও দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার শারীরিক সীমাবদ্ধতার কারণে দেশটির গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত এখন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর—আইআরজিসির প্রভাবেই পরিচালিত হচ্ছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইরানের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে এমন অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সামরিক, পরমাণু ও আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্তে এর প্রভাব পড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে মোজতবার অবস্থান ও চিকিৎসা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। দীর্ঘদিন তার সরাসরি ভিডিও বা প্রকাশ্য বক্তব্য না আসাও নানা জল্পনা বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। যদি শীর্ষ নেতৃত্ব দীর্ঘ সময় সক্রিয়ভাবে দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকে, তবে সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নতুন বাস্তবতা তৈরি হতে পারে।
তবে ইরানের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় বিষয়টি নিয়ে ধোঁয়াশাও রয়ে গেছে। ফলে স্বাস্থ্য পরিস্থিতি যেমন নজরে, তেমনি নজর রয়েছে এর সম্ভাব্য রাজনৈতিক অভিঘাতের দিকেও।






