বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

রাফি করিম হত্যা মামলায় পলাতক আসামি রাজধানীতে আটক

টুইট ডেস্ক: ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় ২০২৫ সালের ২০ মে রাফি করিম খানের হত্যাকাণ্ডের মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা। পলাতক আসামি আগে কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২৪-এর গণ–অভ্যুত্থানের পর তিনি গা ঢাকা দেন।

রাফি করিম খানের হত্যাকাণ্ডে হাত-পা কেটে নির্মমভাবে হত্যা করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ মামলায় ইতোমধ্যে আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে, আর বাতেন এখনও পলাতক।

পিবিআই পরিদর্শক জামাল উদ্দিন জানান, মিজানুর ১১ মাস ধরে পলাতক ছিলেন এবং তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে পালানোর চেষ্টা করছিলেন। গ্রেপ্তার হওয়ার সময় চেন্নাইগামী একটি বিমানের রানওয়ে থেকে তিনি ফিরছিলেন।

তদন্ত সূত্রে জানা গেছে, আসামি আলামিন স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন, হত্যাকাণ্ডটি মিজানুরের নির্দেশনায় সংঘটিত হয়েছিল।