শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু

উপনির্বাচনে কঠোর নিরাপত্তা, বিএনপি-জামায়াত প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা।
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা সাড়ে ৪ লাখের বেশি, পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৬ জন।
১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে শেরপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি এবং ভোটকক্ষ ৭৫১টি। এ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। এবার নতুন করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।






