শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই,দেশের শিক্ষা আধুনিকায়নের বড় পদক্ষেপ

১০ হাজারের বেশি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় মাসের মধ্যে ইন্টারনেট সুবিধা, স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল প্রশিক্ষণও যুক্ত হবে

টুইট ডেস্ক: দেশব্যাপী শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী ছয় মাসের মধ্যে মোট ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ফ্রি ওয়াই-ফাই’ সুবিধা চালু হবে।

বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায়

পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে।

প্রাথমিক বিদ্যালয়েও পর্যায়ক্রমে স্কুল ফিডিং বা মিড ডে মিল চালুর মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা হবে।

ডিজিটাল বৈষম্য কমাতে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১,৫০০ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া, বিসিসি আগামী ছয় মাসের মধ্যে অ্যাগ্রিকালচার ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রগ্রামিং ও ওয়েব-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ চালু করবে।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ দেশের শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারের দিকে বড় ধাপ, যা শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলবে।