মাদকবোঝাই বাস জব্দ, ৩ গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকায় পাচারের পথে কর্ণফুলীতে ডিবির অভিযান।
টুইট ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় মাদকবোঝাই একটি যাত্রীবাহী বাস জব্দ করে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা ট্যাবলেট ও হেরোইন পাচারের সময় মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ক্রসিং এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দেওয়া হয়।
তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া দিয়ে বাসটি আটক করে। এ সময় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, বাসে অবৈধ মাদকদ্রব্য থাকার কারণেই তারা পালানোর চেষ্টা করেছিল।
পরে উপস্থিত যাত্রীদের সামনে বাসে তল্লাশি চালিয়ে পেছনের অংশের বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো. আলী হোসাইন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। মাদক পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের বাসটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, কক্সবাজারে অজ্ঞাতনামা কয়েকজনের কাছ থেকে মাদক সংগ্রহ করে বাসের বডির ভেতরে গোপনে রেখে চট্টগ্রাম হয়ে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
সংশ্লিষ্টরা একটি পেশাদার মাদক চক্রের সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃত আলী হোসাইনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় আগেও একটি মামলা রয়েছে, যা তার অপরাধচক্রের সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুরম আলম বলেন, “ডিবি পুলিশ আটক আসামিদের থানায় হস্তান্তর করেছে।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উপকূলীয় অঞ্চল থেকে রাজধানীমুখী মাদক পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






