প্রেমিকার আস্থা পেতেই সাজেন এএসপি

নিজেকে ‘এএসপি’ সাজিয়ে প্রতারণা, শেষ রক্ষা হলো না যুবকের।

আব্দুল্লাহিল শাহীন, রংপুর: রংপুরে প্রেমিকার আস্থা অর্জনের জন্য নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিলেন এক যুবক। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই ভুয়া পুলিশ পরিচয়পত্র তৈরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তিনি।

আটক যুবকের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকার একটি মুদ্রণ প্রতিষ্ঠানে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর প্রেসক্লাব এলাকায় একটি মুদ্রণ প্রতিষ্ঠানে গিয়ে নিজেকে পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার হিসেবে পরিচয় দেন এবং একটি পরিচয়পত্র তৈরির অনুরোধ করেন। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখে প্রতিষ্ঠানটির কর্মচারীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি নিকটস্থ পুলিশ সদস্যদের জানালে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর স্বীকার করেন, তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে সহকারী পুলিশ সুপার হিসেবে পরিচয় দিতেন। মূলত বিয়ের উদ্দেশ্যে প্রেমিকার আস্থা অর্জন করতেই তিনি এই ভুয়া পরিচয় গ্রহণ করেন। পরিচয়টিকে আরও বিশ্বাসযোগ্য করতে ভুয়া আইডি কার্ড তৈরি করতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়েন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঘটনার পর অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার দাবি করেছে, তার মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিচয় গোপন করে প্রতারণার এমন প্রবণতা রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নজরদারি জোরদার করা হবে।