শিক্ষামন্ত্রণালয়কে নিজের ইবাদতখানা উল্লেখ শিক্ষামন্ত্রীর মন্তব্য।

শিক্ষাখাতের অবহেলা, নকল নির্মূল ও মানসম্মত শিক্ষার জন্য পদক্ষেপ নিশ্চিত
টুইট ডেস্ক: শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়কে বিগত সরকার “নিজের ইবাদতখানা” হিসেবে দেখেছিল, যার ফলে খাতটি অবহেলার শিকার হয়েছে।
মঙ্গলবার বরিশাল শিল্পকলা মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী অভিযোগ করেন, ছাত্র, শিক্ষক বা অভিভাবকের ব্যর্থতার কারণে নয়, সদিচ্ছার অভাবেই শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
নকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং পরীক্ষা পরিচালনায় অভিন্ন প্রশ্নপত্র ও উত্তরপত্রের স্বচ্ছ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
ড. মিলন আরও জানান, আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
দেশের সব শিক্ষাবোর্ডে একক প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে, এবং অনিয়মকারীদের বিরুদ্ধে আইন যুগোপযোগী করা হবে।
মন্ত্রী বলেন, তিনি সরাসরি শিক্ষকদের মতামত জানার জন্য সারাদেশে সাত দিনের সফরে রয়েছেন। এছাড়া, আগামী এক বছরের মধ্যে নিরক্ষরতা দূর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি বিভাগের জন্য একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করবেন।
বরিশাল শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে প্রশাসনিক ও কৌশলগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির প্রতি জোর দেন এবং পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং জোরদার করার নির্দেশ দেন।
সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ শিক্ষাখাতের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






