ফ্লাইওভার ঘিরে রাসিক প্রশাসকের সরাসরি বার্তা

ফ্লাইওভারসহ চলমান প্রকল্পে গতি ও মান বজায় রাখার নির্দেশ রাসিক প্রশাসকের।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বাস্তবায়নাধীন ফ্লাইওভারসহ নগরীর বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ব্রিফিং করেছেন মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ ব্রিফিং দেন।

ব্রিফিংয়ে প্রশাসক বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ফ্লাইওভার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে হবে, কারণ এটি নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, প্রতিটি প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা এবং কাজের স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না। কাজের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় নাগরিক ভোগান্তি কমিয়ে আনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এজন্য বিকল্প পথ, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।