মানবিক সহায়তা পৌঁছাল টুলি বেগমের হাতে

প্রধানমন্ত্রীর নজরে আসতেই দ্রুত সহায়তা, উপহার মিলল নতুন অটোরিকশা ও আর্থিক সহযোগিতা!

নিজস্ব প্রতি‌বেদক: “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”।

শীর্ষক প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর।

এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল অসহায় টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের খোঁজখবর নেয় এবং তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। একই সঙ্গে তাকে একটি নতুন ব্যাটারি চালিত অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় সবসময় পাশে থাকার আশ্বাসও প্রদান করা হয়।