রাজশাহীর চারঘাটে ৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ল দুই মাদককারবারি, পালিয়েছে আরও একজন
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও একজন অভিযুক্ত পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে চারঘাট থানার টাংগন গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের এসআই মো. আব্দুস সামাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনজন মাদককারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. তামিম আহম্মেদ তনুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পলিব্যাগে থাকা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় মো. প্রান্ত ইসলাম কালুকেও গ্রেফতার করা হয়।
অভিযানের সময় মো. সর্দার নামের আরেক মাদককারবারি পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, সীমান্তবর্তী অঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা জরুরি।






