বোরকা পরে তেল নিতে এসে ধরা যুবক

নওগাঁর পত্নীতলায় ব্যতিক্রমী ঘটনায় চাঞ্চল্য, ভিডিও ভাইরাল

টুইট ডেস্ক: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে স্থানীয় একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল সংকটের কারণে পাম্পে দীর্ঘ লাইনের মধ্যে হঠাৎ বোরকা পরিহিত এক ব্যক্তি তেল নিতে এলে সন্দেহের সৃষ্টি হয়। পরে উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলেন।

স্টেশন সংশ্লিষ্টরা জানান, ওই সময় অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল। ধারণা করা হচ্ছে, আগে তেল পাওয়ার আশায় নারী সেজে লাইনে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ওই যুবক।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মতে, চলমান জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে এমন ব্যতিক্রমী ঘটনাও সামনে আসছে, যা পরিস্থিতির চিত্রকেই স্পষ্ট করছে।