শেষ মুহূর্তে দাপটে জয় সেলেসাওদের

ক্রোয়েশিয়ার বিপক্ষে শক্তির প্রদর্শনে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস চূড়ায় সেলেসাওদের।

টুইট ডেস্ক: শেষ মুহূর্তে দাপটে জয় সেলেসাওদের ডেস্ক বিশ্বকাপের প্রাক্কালে নিজেদের প্রস্তুতির শেষ ধাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল।

শক্তিশালী প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল এবং কৌশলগত পরিপক্বতা ছিল ব্রাজিলের বড় শক্তি।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পেতে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়।

ভিনিসিয়ুস জুনিয়রের দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে দানিলো সান্তোস প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন।

বিরতির পর ম্যাচে কিছুটা ভারসাম্য ফেরানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। মাঝমাঠে নিয়ন্ত্রণ বাড়িয়ে কয়েকটি আক্রমণ গড়ে তোলে তারা।

এর ফলও পায় ৮৪ মিনিটে, যখন লোভরো মাজের গোল করে সমতায় ফেরান দলকে। এতে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

তবে ব্রাজিল দ্রুতই নিজেদের শ্রেষ্ঠত্ব আবার প্রমাণ করে। সমতার পরপরই পাওয়া পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন বদলি ফরোয়ার্ড ইগর থিয়াগো।

এরপর শেষ মুহূর্তে দৃষ্টিনন্দন আক্রমণ থেকে ব্যবধান আরও বাড়ায় সেলেসাওরা। ইগর থিয়াগোর পাসে এনড্রিকের চমৎকার মুভ থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয় শুধু একটি প্রীতি ম্যাচের ফল নয়, বরং ব্রাজিলের কৌশল, দলগত সমন্বয় ও আক্রমণভাগের ধারাবাহিকতার স্পষ্ট বার্তা বহন করছে। বিশ্বকাপের আগে দলটির আত্মবিশ্বাস যে তুঙ্গে এই ম্যাচ তারই প্রমাণ।

আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে ব্রাজিল।

এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে তারা। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।