পুলিশ ফিরছে আগের পোশাকে

নতুন পোশাক নিয়ে সমালোচনার মুখে পরিবর্তনের ইঙ্গিত, ৯০% সদস্য পুরনো ইউনিফর্মের পক্ষে
টুইট ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানের পর পরিবর্তন করা পুলিশের পোশাক আবার আগের রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
নতুন পোশাক চালুর পর থেকেই এর রঙ ও মান নিয়ে নানা সমালোচনা শুরু হয়। অনেক পুলিশ সদস্য অভিযোগ করেন, পোশাকটি দেশের আবহাওয়ার সঙ্গে উপযোগী নয় এবং ঘাম শোষণের সক্ষমতাও কম।
এ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান বলেন, নতুন পোশাকের নকশা ও রঙ বাহিনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া এটি অন্যান্য সংস্থার পোশাকের সঙ্গে মিল থাকায় বিভ্রান্তিরও আশঙ্কা রয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান নোমান গ্রুপ-এর দেওয়া কাপড় ল্যাব পরীক্ষায় চুক্তি অনুযায়ী মান পূরণ করেনি। এতে কাপড়ের আর্দ্রতা ও সুতার ঘনত্বে ঘাটতি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
মিডিয়া এআইজি শাহাদাত হোসাইন জানান, পোশাক পরিবর্তন হলেও শুধু রঙে পরিবর্তন আনা হবে, এতে অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে না।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই পুরনো কোনো ইউনিফর্মে ফিরে যেতে পারে পুলিশ। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ সদস্য আগের পোশাকে ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র পোশাক পরিবর্তন করলে বাহিনীর ভাবমূর্তি বা মনোবলে বড় ধরনের পরিবর্তন আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক ড. তৌহিদুল হক মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার সঙ্গে পোশাকের কিছু প্রতীকী সম্পর্ক থাকলেও মূল বিষয় হওয়া উচিত পেশাদারিত্ব ও জবাবদিহিতা।
বিশেষজ্ঞদের মতে, বাহিনীর কার্যকারিতা বাড়াতে ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।






