সংসদে নামাজে গিয়ে জুতা হারালেন এমপি

সামাজিক মাধ্যমে মজার অভিজ্ঞতা শেয়ার, ফেরত চাইলেন জুতা!

টুইট ডেস্ক: জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারানোর একটি ব্যতিক্রমী ঘটনার কথা জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেছেন, সংসদে নামাজ শেষে বের হয়ে দেখেন তার জুতা নেই, বরং অন্য একটি জুতা সেখানে রাখা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং নিজেরটি রেখে গেছেন।

ঘটনাটিকে নিজের জীবনের “ছোট কিন্তু সুন্দর ও অদ্ভুত” অভিজ্ঞতার একটি হিসেবে উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি রসিকতার সুরে লেখেন, যিনি ভুল করে জুতা নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন।

একইসঙ্গে তিনি অনুরোধ জানান, যদি ওই ব্যক্তি তার পোস্টটি দেখে থাকেন, তাহলে যেন জুতাটি ফেরত দিয়ে যান। আর বিনিময়ে রেখে যাওয়া জুতাটি আগের জায়গাতেই সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে এবং অনেকেই বিষয়টিকে হালকাভাবে দেখছেন।