ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

গাবতলী পরিদর্শনে সন্তোষ প্রকাশ, যানজট নেই বললেন মন্ত্রী

টুইট ডেস্ক: সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা পাওয়া যায়নি। বরং কিছু পরিবহন ২০-৩০ টাকা পর্যন্ত কম ভাড়া নিচ্ছে। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য টার্মিনালে পুলিশ বুথ সক্রিয় রয়েছে।

শৃঙ্খলায় চলছে যাত্রী চলাচল

তিনি জানান, বাসগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা বিঘ্নের খবর পাওয়া যায়নি।

জ্বালানি ঘাটতি নেই

জ্বালানি তেল নিয়ে মন্ত্রী বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। ফলে গণপরিবহনে কোনো ধরনের জ্বালানি সংকট নেই।

তিনি আরও জানান, যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে। তেল সরবরাহ স্বাভাবিক থাকায় যানবাহন চলাচলেও কোনো সমস্যা হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

সড়কমন্ত্রীর দাবি, এবারের ঈদযাত্রা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হচ্ছে।