ঈদযাত্রায় জ্বালানি রেশনিং বন্ধ, বাড়ছে না দাম

সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী
টুইট ডেস্ক: ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ রোববার থেকে জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না।
প্রতিমন্ত্রী বলেন, বোরো মৌসুমে কৃষকদের জ্বালানির প্রয়োজন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীল আচরণ করলে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, কেউ জ্বালানি মজুত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকটি জাহাজে জ্বালানি তেল দেশে আসছে, ফলে সরবরাহ আরও বাড়বে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্টে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, রাশিয়ার ক্রুড অয়েল অন্য কোনো দেশে পরিশোধিত হয়ে বাংলাদেশে আসতে পারে। তবে একটি রুশ কোম্পানি জানিয়েছে, তারা এমন ধরনের তেল সরবরাহ করবে যা দেশের রিফাইনারিতেই পরিশোধন করা সম্ভব।
উল্লেখ্য, জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে গত ৬ মার্চ সরকার রেশনিং পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছিল।






