সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন বলেও মন্তব্য
টুইট ডেস্ক: সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয়, তখন বিষয়টি স্পষ্ট হবে। তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংবিধান সংস্কার পরিষদের নয়।
তিনি বলেন, “সংবিধান অনুযায়ী এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের নয়।”
মন্ত্রী আরও বলেন, যদি গণভোটের রায়ের ভিত্তিতে এমন কোনো পরিষদ গঠনের প্রয়োজন হয়, তাহলে প্রথমে সংবিধান সংশোধন করতে হবে। এ বিষয়ে সংসদে আলোচনা হবে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে বিষয়টি আইনি কাঠামোর মধ্যে আনা হবে।
তিনি আরও জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, যাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন হয়ে গেলে তবেই পরিষদ গঠন, কাঠামো নির্ধারণ ও শপথ গ্রহণের মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।






