সংসদে যাদের নামে শোকপ্রস্তাব আনা হলো

প্রথম অধিবেশনেই প্রয়াতদের স্মরণে নীরবতা
টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায়। অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। পরে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অধিবেশনে স্পিকার সংসদে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন।
যাদের স্মরণে শোকপ্রস্তাব
শোকপ্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীসহ মোট ৩১ জন প্রয়াত সংসদ সদস্যের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।
শোকপ্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিরোধী দলের আপত্তি ও নতুন দাবি
এ সময় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপেশে হয়েছে। তিনি জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লা ও শরিফ ওসমান হাদিসহ কয়েকজন নেতার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শোকপ্রস্তাবে আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের নাম যুক্ত করার প্রস্তাব দেন।
স্পিকারের আশ্বাস
এ বিষয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের প্রস্তাবিত নামসহ যাদের নাম বাদ পড়েছে সেগুলো পরবর্তীতে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
পরে শোকপ্রস্তাবের আলোচনায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বক্তব্য দেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাহিদ ইসলাম, জোনায়েদ সাকি ও শহীদউদ্দিন চৌধুরী অ্যানি।






