জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ: ডা. শফিকুর রহমান

ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিরোধীদলীয় নেতার বক্তব্য
টুইট ডেস্ক: বর্তমান জাতীয় সংসদকে গতানুগতিক কোনো সংসদ নয় বরং জুলাই বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এক বিশেষ সংসদ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা
বক্তব্যের শুরুতে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৭৫ ও ১৯৯০ সালের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে যারা আয়নাঘরে বন্দি ছিলেন, নির্যাতিত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং ২০২৪ সালের জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের কারণেই আজ আমরা সংসদে কথা বলার সুযোগ পেয়েছি।
তিনি শহীদদের জান্নাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সংসদীয় রাজনীতির সমালোচনা
স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, স্বাধীনতার ৫৫ বছরে সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময় দেশ ফ্যাসিবাদের কবলে ছিল এবং সংসদ ছিল কেবল একটি ‘ডামি’ সংসদ। অতীতে যারা স্পিকারের চেয়ারে বসেছেন, তারা গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রশ্নে সুবিচার করতে পারেননি।
স্পিকারের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা
তিনি বলেন, আপনি একটি দল থেকে নির্বাচিত হলেও স্পিকার হওয়ার পর দলীয় পদ ত্যাগ করেছেন। তাই আমরা আশা করি আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছ থেকে আমরা ইনসাফ বা ন্যায়বিচার প্রত্যাশা করি।
জনকল্যাণে সংসদ পরিচালনার আহ্বান
সংসদকে কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্র না বানানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে জনগণের কল্যাণ নিয়ে আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণে বেশি সময় ব্যয় করা হয়েছে। এই সংসদ যেন কারও অপমানের জায়গা না হয়ে জনকল্যাণের কেন্দ্র হয়।
জুলাই বিপ্লবের মূল স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে সংসদ সবচেয়ে প্রধান। সংসদ সঠিকভাবে চললে নির্বাহী ও বিচার বিভাগও সঠিকভাবে কাজ করবে।
সমর্থনের আশ্বাস
বক্তব্যের শেষে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদের সব গঠনমূলক কাজে বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি।






