পহেলা বৈশাখেই চালু হচ্ছে কৃষক কার্ড

পাইলট প্রকল্পে ৯ উপজেলায় শুরু; পাশাপাশি ‘ই-হেলথ’ কার্ড ও ২৫ কোটি গাছ রোপণের নির্দেশ প্রধানমন্ত্রীর।

টুইট ডেস্ক: পহেলা বৈশাখের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ। প্রাথমিকভাবে ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রান্তিক কৃষকদের এই কার্ড দেওয়া হবে।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, আপাতত পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা বিশেষ সুবিধা পাবেন, যা অনেকটা ফ্যামিলি কার্ডের মতো। উৎপাদন, ভোক্তা, কৃষিজমি ও কৃষিপণ্যের তথ্য সরকারিভাবে সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রেও এটি সহায়ক হবে।

ই-হেলথ কার্ড চালুর নির্দেশ

জনগণের চিকিৎসাসেবা সহজলভ্য করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শুরুর তাগিদ দেওয়া হয়।

সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে বলা হয়েছে। পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এমএ মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা

আগামী মে মাস থেকে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও কার্বন ট্রেডিংকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধের সম্ভাব্য প্রভাব ও জ্বালানি সংকটের বিষয়েও সরকার সতর্ক রয়েছে।