আজও ২৫ ফ্লাইট বাতিল, পাঁচ দিনে সংখ্যা দাঁড়াল ১৭৩

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের প্রভাব ঢাকায়; কাতার, এমিরেটস, এয়ার অ্যারাবিয়াসহ একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত।

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

বুধবার (৪ মার্চ) নতুন করে ২৫টিসহ পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে: কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস-এর ৫টি, কুয়েত এয়ারওয়েজ-এর ২টি, জাজিরা এয়ারওয়েজ-এর ২টি, এয়ার অ্যারাবিয়া-এর ৮টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ৪টি ফ্লাইট।

এদিকে আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি ও শারজা (সংযুক্ত আরব আমিরাত), সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা ও কুয়েতগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।