মার্চে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আশঙ্কা

মাসজুড়ে বাড়বে তাপমাত্রা; শেষদিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সম্ভাবনা
টুইট ডেস্ক: চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এ মাসে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২ মার্চ) প্রকাশিত মাসব্যাপী আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মার্চজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং অনেক ক্ষেত্রে তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মৃদু এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকার সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।






