কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা, চাকরিও চলে যাবে: আইনমন্ত্রী

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি, অপরাধীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা
টুইট ডেস্ক: কেউ দুর্নীতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির চাকরি চলে যাবে এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হবে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
তিনি জানান, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক সহিংসতা ও মারামারিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুটি কয়েক দুষ্কৃতকারীর কারণে সরকারের ইতিবাচক কাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, সরকার গঠনের পর বিভিন্ন মহল থেকে অতীতের ক্ষমতাসীনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুক্তির দাবি উঠলেও সরকার আইনানুগ প্রক্রিয়ায় বিচার কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে রয়েছে। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।
শেষে তিনি সতর্ক করে বলেন, অপরাধ যে-ই করুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






