ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না: ফয়জুল করীম

ব্যাংকিং খাত ঝুঁকিতে পড়তে পারে বরিশালে ইফতার অনুষ্ঠানে মন্তব্য ইসলামী আন্দোলনের নেতার

টুইট ডেস্ক: ব্যাংকের অর্থ জনগণের সম্পদ, কোনো রাজনৈতিক দলের নয় এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে, যার ব্যাংকিং খাতে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই। এতে দেশের ব্যাংকিং খাত ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম।

মুফতি ফয়জুল করীম বলেন, দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। তার দাবি, পরিকল্পিতভাবে একটি ‘ইঞ্জিনিয়ারিং’ নির্বাচন আয়োজন করা হয়েছে এবং হাতপাখা প্রতীকের প্রার্থীদের ভোটে হারানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার উল্লেখ করে তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।