এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নতুন রাজনৈতিক অঙ্গীকারে এক বছর পূর্তি; ঢাকার আবাহনী মাঠে ইফতার মাহফিলসহ দেশজুড়ে কর্মসূচি

টুইট ডেস্ক: দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজনৈতিকভাবে সক্রিয় অবস্থান নেয় দলটি।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে আলোচিত একটি দল হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নেওয়ার পর আজ এক বছরে পা দিল দলটি।

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, দিনটি উপলক্ষে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন দল-সংগঠন, সাংবাদিক, শিক্ষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও আন্দোলনের সহযোদ্ধারা অংশ নেবেন। পাশাপাশি থাকবে চিত্রপ্রদর্শনী, দলের এক বছরের রাজনৈতিক পথচলার ধারাবাহিক ‘স্ট্রিট ওয়াল’ প্রদর্শনী এবং ফটো বুথ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি বিভাগীয় পর্যায়েও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ মার্চ কুমিল্লায়ও বিশেষ আয়োজন করা হবে বলে জানিয়েছে দলটি।