আসিফের বিরুদ্ধে দুদকে অভিযোগ করলো সাকিবভক্তরা

দুদক কার্যালয়ে হট্টগোলের মধ্যে অভিযোগ দাখিল। আবেদন পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। তদন্তের আগেই কোনো সিদ্ধান্ত হবে না।
টুইট ডেস্ক: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ-এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে ক্রিকেটার সাকিব আল হাসান-এর একদল ভক্ত। তারা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ে হট্টগোল তৈরি করেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০-৩০ জনের ওই দল স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করে এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট বিভাগ বাধ্য হয়ে অভিযোগ গ্রহণ করে।
দুদকের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, গণমাধ্যমকে জানান, অভিযোগটি বর্তমানে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। তিনি আরও বলেন, যেকোনো অভিযোগ সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। যথাযথ তথ্য বা প্রমাণ না থাকলে অভিযোগ বাতিল করা হবে।






