আওয়ামী লীগ অফিস খুলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া উদ্বেগজনক: জামায়াত

টুইট ডেস্ক: আওয়ামী লীগ অফিস খুলে ‘জয় বাংলা স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনও কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, শাসক দলের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ আওয়ামী লীগের প্রত্যাশাকে উসকে দিচ্ছে। আমি সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াত নেতা আরো বলেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস খুলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।

দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনও কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। দেশের সর্বস্তরের জনগণকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার জন্য আহ্বান জানান জামায়াতের এই নেতা।