১৪টি এতিমখানায় পুরো মাসের ইফতার-সেহরির দায়িত্ব নিলেন জুবাইদা ও জাইমা রহমান

টুইট ডেস্ক: সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের অন্তর্গত এসব এলাকায় তারা অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন।

এ সময় এলাকার ১৪টি এতিমখানা এবং হেফ্জ মাদ্রাসায় প্রত্যেককে পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সেহরি দেওয়ার ঘোষণা দেন তারা।

পশ্চিম ভাসানটেক থানার ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায়’ আয়োজিত ইফতার মাহফিলে শতাধিক এতিম শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে বসে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ইফতারের ঠিক আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।