আপনাদের যা ক্ষমতা আছে তাই লিখুন, সাংবাদিকদের তারাগঞ্জ ইউএনও

ভোটকর্তাদের সম্মানী কর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া ইউএনওর।

আব্দুল্লাহিল মতিন শাহীন, তারাগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনের তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪৩টি কেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সম্মানী থেকে জনপ্রতি ২০০ টাকা কর্তনের অভিযোগ উঠেছে।

ভোটে দায়িত্ব পালনকারী ৪৮৮ জন পোলিং অফিসার, ৪৩ জন প্রিজাইডিং অফিসার ও ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে এই অর্থ কেটে নেওয়া হয়।

বদরগঞ্জে ভিন্ন চিত্র

রংপুর-২ আসনটি তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। অভিযোগ রয়েছে, একই আসনের বদরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সম্মানী পূর্ণাঙ্গভাবে প্রদান করা হলেও তারাগঞ্জ উপজেলায় এ ধরনের কর্তনের ঘটনা ঘটেছে।

অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু হাই দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে মোট প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা সংগ্রহ করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ১৭ ফেব্রুয়ারি টাকা তড়িঘড়ি করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, তারাগঞ্জ শাখায় জমা দেওয়া হয়। সরকারি পক্ষ জানায়, এটি কর ও ট্যাক্স বাবদ কর্তন করা হয়েছে।

এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোনাব্বর হোসেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আপনাদের যা ক্ষমতা আছে, তাই লেখেন। আমার বিরুদ্ধে যা পারেন করবেন, লোকজন দিয়ে মানববন্ধন করানোর ব্যবস্থা করান।”

এ সময় প্রশ্নের জবাবে ইউএনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মানী বিতরণে এই বৈষম্য নজরে এসেছে। বদরগঞ্জে সম্মানী পূর্ণাঙ্গভাবে প্রদান করা হলেও তারাগঞ্জ উপজেলায় টাকা কর্তনের ঘটনা ঘটেছে।

ঘটনাটি স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম মহলে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন।