১০টা পর্যন্ত ঢাকার ১৩টি আসনে ভোট পড়েছে প্রায় ১১ শতাংশ

টুইট ডেস্ক: নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত ঢাকার ১৩টি আসনে ১০ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে।

এর মধ্যে ঢাকা-৪ আসনে ১২ শতাংশ, ঢাকা-৫ আসনে ১৫ শতাংশ, ঢাকা-৬-এ ৯ শতাংশ, ঢাকা-৭-এ ১০ শতাংশ, ঢাকা-৮-আসনে ১৩ শতাংশ, ঢাকা-৯ আসনে ১১ শতাংশ, ঢাকা-১০ আসনে ৯ শতাংশ, ঢাকা-১১-এ ১০ শতাংশ, ঢাকা-১২-এ ৭ শতাংশ, ঢাকা-১৪-এ ১৩ শতাংশ, ঢাকা-১৬-এ ১১ শতাংশ, ঢাকা-১৭-এ ৯ শতাংশ এবং ঢাকা-১৮-এ ১০ শতাংশ ভোট পড়ে।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, নির্বাচন উপলক্ষ্যে গতকাল বুধবারই দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবার ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।

মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।