হেলিকপ্টারে বান্দরবান পৌঁছেছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবান জেলার সব উপজেলায় নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গম এলাকার কিছু ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ব্যালট বক্স, বিভিন্ন প্রয়োজনীয় ফর্ম, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, সিলসহ নির্বাচনে ব্যবহৃত অন্যান্য উপকরণ।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা এসব সরঞ্জাম গ্রহণ করে সদর, রোয়াংছড়ি, রুমা, নাইক্ষ্যংছড়ি, লামা, থানছি ও আলীকদম উপজেলায় নিয়ে যান।
রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাতটি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, জেলার চারটি দুর্গম উপজেলা—রোয়াংছড়ি, রুমা, থানছি ও আলীকদমের পাঁচ ইউনিয়নের ১১টি ভোটকেন্দ্রকে ‘হেলি ভোটকেন্দ্র’ ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটের সরঞ্জাম আনা-নেওয়ার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। জেলার সাতটি উপজেলায় অবস্থিত ২২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, বান্দরবান-৩০০ আসনে সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন রয়েছে। বাঙালিসহ ১২টি সম্প্রদায়ের মানুষের বসবাস এ আসনে। এবার এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৮৭টি।






