নির্যাতিত শিশু মোহনার চিকিৎসার খবর নিলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শিশুর পাশে, সরকারের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত
টুইট ডেস্ক: গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১ বছর বয়সী শিশু মোহনাকে পরিদর্শন ও চিকিৎসার খোঁজ-খবর নেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তিনি শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উপদেষ্টা মোহনার পরিবারের সঙ্গে কথা বলেও তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজে আমাকে তোমার খোঁজ নিতে পাঠিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার পাশে আছি।”
পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মন্তব্য করেন, শিশুর সঙ্গে এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক। তিনি নিশ্চিত করেন, মোহনার চিকিৎসা ও যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অপরাধীরা তাদের অপরাধের কারণে উপযুক্ত শাস্তি পাবে।” এছাড়া তিনি মোহনার বাবাকে একটি চাকরিতে নিয়োগ দেওয়ারও আশ্বাস দেন।
উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৎকালীন এমডি ও সিইও সাফিকুর রহমানকে ২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। এর আগে ৩১ জানুয়ারি গুরুতর জখম অবস্থায় মোহনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।






